

যুক্তরাষ্ট্র অফিস: গাজার উদ্দেশে মানবিক ত্রাণবাহী একটি জাহাজ পাঠিয়েছে মার্কিন সেনাবাহিনী। রবিবার (১০ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য অস্থায়ী জেটি নির্মাণের অঙ্গীকারের পর এই জাহাজ পাঠানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে বলেছে, দ্য জেনারেল ফ্রাঙ্ক এস. বেসন নামের জাহাজটি ভার্জিনিয়ার যৌথ ঘাঁটি ল্যাংলি-ইউসটিস ছেড়েছে। প্রেসিডেন্ট বাইডেন সাগর পথে গাজায় মানবিক সরবরাহের ঘোষণা দেওয়ার ৩৬ ঘণ্টা পর জাহাজটি রওনা দিলো। এতে আরও বলা হয়েছে, লজিস্টিক সহযোগিতার নৌযানটি অস্থায়ী জেটি নির্মাণের সরঞ্জাম বহন করছে।