

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের কার্যালয়ে স্থাপিত ডে কেয়ার সেন্টারে প্রাক-প্রাথমিক শিক্ষা দেয়া হবে। ডে কেয়ার সেন্টারের চার বছর বয়সী শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘ডে কেয়ার সেন্টারের চার বছরের বেশি বয়সী (ফোর প্লাস) শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ‘প্রাক-প্রাথমিক শিক্ষা ৪ প্লাস’ অন্তর্বর্তীকালীন প্যাকেজের আওতায় ২০২১ সালে নির্বাচিত ২ হাজার ৬৩৩টি ক্লাস্টারে একটি করে প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর মেয়াদি চার বছরের বেশি বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ২০২২ সালে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হবে।