

oil pumping in winter morning, alberta, canada.
ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশে ভোজ্যতেল ক্যানোলা রফতানির প্রস্তাব দিয়েছে কানাডা। বুধবার (১১ মে) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস এই প্রস্তাব দেন। সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি এই প্রস্তাব দেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী জানান, কানাডায় প্রচুর ক্যানোলা উৎপাদিত হয়। স্বাস্থ্যসম্মত এই তেল বাংলাদেশে জনপ্রিয় হতে পারে। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কানাডা ক্যানোলা ভোজ্যতেল ফ্যাক্টরি স্থাপন করে উৎপাদন করলে দেশের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশে রফতানিও করা যাবে।
কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস বলেন, বাংলাদেশের সঙ্গে কানাডা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কানাডার ক্যানোলা ভোজ্যতেল বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রফতানি করার সুযোগ রয়েছে। উভয় দেশের সরকারের সঙ্গে সরকার (জিটুজি) পদ্ধতিতে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র মাধ্যমে আমদানি করা যেতে পারে। এ বিষয়ে কানাডা সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’