

ডেস্ক নিউজ, ঢাকা: কোরবানির ঈদের আগে মসলার দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এবারও হলুদ, দারুচিনি, জিরা, আদা ও শুকনো মরিচের দাম কিছুটা বেড়েছে। বেড়েছে তেজপাতা ও ধনের দাম। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে দেশি শুকনো মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। আমদানি করা শুকনো মরিচের দাম ৩৫০-৪২০ টাকা। ভারত থেকে আমদানি করা জিরা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। কেজিতে পাইকারি দাম বেড়েছে ২০ টাকা। তবে আফগানিস্তান থেকে আমদানি করা জিরা আগের মতো ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দারুচিনি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৬০ টাকা।
দারুচিনির দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো। গত এক সপ্তাহে আমদানি করা আদার দাম বেড়েছে ১০ টাকা। আদা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। হলুদের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ১৬০ টাকা থেকে হলুদের দাম এখন ১৮০ টাকা। লবঙ্গের কেজি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। পাইকারিতে এলাচের কেজি এক হাজার ২০০ থেকে দুই হাজার ২০০ টাকা। কেজিতে এলাচের দাম কমেছে ২০০ টাকা পর্যন্ত। কিছুটা বেড়েছে তেজপাতা ও ধনের দাম। তেজপাতার কেজি ১৮০-২০০ টাকা। ধনে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকায়। এছাড়া, গোলমরিচ ৫৫০ থেকে ৭০০, আলুবোখারা ৩৫০ থেকে ৫০০ ও জায়ফল ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।