

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের দিকে ধেয়ে আসায় উপকূলের জেলাসমূহের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মঙ্গলবার (১৯ মে) বিকেল থেকেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসার কারণে সাগর প্রবল বিক্ষুব্ধ হয়ে ওঠায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
সোমবার অনলাইন ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, সম্মানিত প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। উপকূলের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা, আপনারা মঙ্গলবার বিকেল থেকেই আশ্রয়কেন্দ্রে চলে যাবেন। ইতোমধ্যে উপকূলবর্তী সব জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আমার কথা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারির মধ্যে এই ঘূর্ণিঝড়ের আশ্রয় নেওয়ার বিষয় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।
তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। গর্ভবর্তী নারী, নারী, প্রতিবন্ধী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়কেন্দ্রে যাবে। এরপর অন্যরা। আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা আমরা করেছি।