

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের ব্রুকলিনের একটি তিনতলা ভবনধসে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে একটি নির্মাণকাজের জায়গার ঠিক পাশেই এ ঘটনা ঘটে। সংবাদসংস্থার হেলিকপ্টার থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফায়ার সার্ভিসের বহু কর্মী ধ্বংসস্তূপের স্তূপে উঠে হাত এবং বিদ্যুচ্চালিত করাত ব্যবহার করে ধ্বংসাবশেষ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। একটি সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গুরুতর আহত চারজনসহ অন্তত ১০ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরও কয়েকদিন ধরে চলবে। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এস্পোসিটো বলেন, সার্বিকভাবে মোট কতজন নিখোঁজ রয়েছেন তা আমরা এখনও নিশ্চিত নই। বিকেল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের ভেতরের একটি গর্ত থেকে ধুলোবালি মাখা এক জীবিত ও সচল ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন। তাকেও স্ট্রেচারে তুলে দ্রুত অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধসে পড়া ভবনটি ছিল আবাসিক ও বাণিজ্যিক কাজের একটি মিশ্র কাঠামো যার নিচে দোকানপাট এবং ওপরের তলাগুলোতে অ্যাপার্টমেন্ট ছিল। পাশে একটি একতলা ভবন ভেঙে নতুন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলায় ভবনটি একেবারে খাদের কিনারায় বিপজ্জনক অবস্থায় ছিল। মাটি খনন করার কারণে ভবনটি ধসে পড়ে সেখানে ইট এবং কাঠের স্তূপে নির্মাণকূপটি ভরাট হয়ে যায়। ধসে পড়া ভবনের সঙ্গে দেয়াল ভাগ করে থাকা আরেকটি ভবন দাঁড়িয়ে থাকলেও সেটির এক পাশের দেয়াল পুরোপুরি খসে পড়েছে। ফলে ভেতরের ঘরবাড়ি, শোবার ঘর এবং পোশাকে ভরা আলমারি বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়েছে।
উদ্ধারকর্মীরা হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে ছুড়ে ফেলার সময় ড্রোন দিয়ে জায়গাটি ওপর থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল। জীবিতদের সন্ধান পেতে উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করছেন। রাত নামার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ফ্ল্যাশলাইট দিয়ে আলো জ্বালিয়ে কাজ চালিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, ‘জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকায় অনুগ্রহ করে আমাদের এই প্রতিবেশী ও কমিউনিটির মানুষদের জন্য প্রার্থনা করুন।’নগরের নথি অনুযায়ী নির্মাণ প্রকল্পের সাথে যুক্ত স্থপতি, সম্পত্তির মালিক এবং জেনারেল কন্ট্রাক্টরের সঙ্গে ফোন ও ইমেইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ধসে পড়া ভবনের এক বাসিন্দা অ্যান্ডারসন ভেলেজ নিউইয়র্ক পোস্টকে জানান, দুর্ঘটনার সময় তিনি কাজে ছিলেন। তখনই তার স্ত্রী ফোন করে জানান যে তিনি এবং তাদের ৭ ও ২ বছর বয়সি দুই সন্তান ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তিনি বলেন, ‘ভবনটি ধসে পড়ার সময় ও ভেতরেই ছিল। গায়ের ওপর ধ্বংসস্তূপ পড়ে থাকা অবস্থাতেই সে আমাকে ফোন করে এবং ছেলেকে বের করার জন্য কারও কাছে আকুতি জানিয়ে চিৎকার করছিল। তার পরপরই কলটি কেটে যায়।’ ভেলেজ পরে জানতে পারেন যে তার পরিবারের সদস্যদের ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে।