

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুত সফরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের টুইটারে এই তথ্য জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, বিস্ফোরণের পর লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার বৈরুত সফর করবেন ম্যাক্রোঁ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে। মঙ্গলবারের জোড়া বিস্ফোরণের এই ধ্বংসলীলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার। এই ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবাননের সরকার। চারদিকে সারি সারি মরদেহ। দিশেহারা রক্তাক্ত মানুষ। হাসপাতালে জায়গা হচ্ছে না আহতদের। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু পরিণত হয়েছে অচেনা ধ্বংসস্তূপে।