

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উদ্বেগ উপেক্ষা করে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙ্গর করেছে চীনের একটি গবেষণা জাহাজ ইউয়ান ওয়াং ৫। বন্দরটির কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলঙ্কার সমুদ্রসীমায় কোনও গবেষণা চালানো যাবে না এমন শর্তে জাহাজটিকে নোঙ্গরের অনুমতি দেওয়া হয়েছে। ভারত আগে থেকেই উদ্বেগ জানিয়ে বলে আসছে, তাদের কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি চালাতে ব্যবহার করা হবে জাহাজটি। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটিকে আগামী ২২ আগস্ট পর্যন্ত চীনের পরিচালিত বন্দরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বৈদেশিক নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চীনের অত্যাধুনিক প্রজন্মের জাহাজগুলোর একটি ইউয়ান ওয়াং ৫। এটি স্যাটেলাইট, রকেট পর্যবেক্ষণ এবং আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহার করা হয়।