

কোভিড-১৯ এর কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিয়েতনাম থেকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভিয়েতনাম থেকে ১১৩ জন যাত্রী নিয়ে বিকেল ৪টা ২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান,
ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় পাঁচ মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছেন। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ মহামারির সময়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ও বিদেশি নাগরিকদের নিজ দেশে পৌঁছে দিতে স্পেশাল ফ্লাইটগুলো পরিচালনা করেছে ইউএস-বাংলা।
কোভিড-১৯ মহামারির সময়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু ও ঢাকা-কুয়ালালামপুর রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।