

ডেস্ক নিউজ, ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোট হবে সম্পূর্ণ ব্যালটে’। বুধবার (২৪ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের ইচ্ছা পালন করfর জন্যে, তাদের যে লক্ষ্য আছে সরকার গঠন করার, সেই লক্ষ্যকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই ইসি ইভিএমের কথা আবারও বলেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ক জনগণ গ্রহণ করবে না। আমরাও গ্রহণ করছি না। এটাকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি।মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি পরিষ্কার—নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনও নির্বাচন হবে না । দলীয় সরকারের অধীনে নির্বাচনে জনগণের দাবি প্রতিফলিত হবে না। জনগণের যে রায় সেই রায় প্রতিফলিত হবে না। সরকারকে তাদের ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হবে। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।