মিরসরাই বিসিক শিল্পনগরী এক দশক পর চালু হচ্ছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরী। এক দশক পর চালু হতে যাচ্ছে এই শিল্পনগরী। ২০০৯ সালে মিরসরাইয়ে একটি বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেয়া হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামায়া প্রকল্প উদ্বোধন করতে এসে এখানে আনুষ্ঠানিক ঘোষণাও দেন। তবে মাটি ভরাটসহ নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল প্রকল্পের কাজ। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর প্রায় দুই বছর যাচাই-বাছাইয়ের পর ৮২ জন শিল্প উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দিয়েছে বিসিকের চট্টগ্রাম জেলা প্লট বরাদ্দ কমিটি।
জানা গেছে, ২০১৭ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ৮৮টি প্লটের বিপরীতে দরপত্র আহ্বান করা হয়। তবে যোগ্য প্লটগ্রহীতা না পাওয়ায় ১১৪টি আবেদনের মধ্যে ৮২টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। প্লটগ্রহীতা প্রতিষ্ঠানগুলো নয়টি কিস্তিতে পাঁচ বছরের মধ্যে শিল্প প্লটগুলোর অর্থ পরিশোধ করতে পারবে। প্রতিটি প্লটের প্রতি বর্গফুট জমির মূল্য রাখা হয়েছে ৮শ টাকা করে। তবে চাইলে কোনো প্রতিষ্ঠান এককালীনও প্লটের ইজারামূল্য পরিশোধ করতে পারবে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

বিসিক সূত্রে জানা গেছে, মিরসরাই বিসিকের এ-টাইপ প্লট ২৭টি, বি-টাইপ ৩৩টি ও সি-টাইপ প্লট ২৮টি। গত ৬ নভেম্বর প্লট বরাদ্দ কমিটির সভায় হালকা প্রকৌশল খাতে ১৯টি, খাদ্য ও খাদ্যজাত ১৯টি, রেডিমেড গার্মেন্ট ১৬টি, সিরামিকস ও নন-মেটালিক তিনটি, কেমিক্যাল অ্যান্ড অ্যালাইড ১০, রাবার-লেদার অ্যান্ড অ্যালাইড চার, প্যাকেজিং আট এবং বন ও বনজাত খাতে তিনটি প্লট বরাদ্দ দেয়া হয়। প্লট গ্রহীতা প্রতিষ্ঠানগুলো পণ্যের উৎপাদন শুরু করতে এরই মধ্যে গ্যাস, বিদ্যুৎসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার সন্নিবেশ করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় পণ্য উৎপাদনের পর দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর ও রাজধানী ঢাকায় পণ্য সরবরাহ করা সম্ভব হবে। এসব কারণে মিরসরাই বিসিক শিল্পনগরীর প্লট ইজারা নিতে আগ্রহী রয়েছেন শিল্প উদ্যোক্তারাও। তবে একাধিক প্লট সংগ্রহে একটি প্রতিষ্ঠানের আবেদন বাতিল করে নতুন ও বিশেষায়িত খাতের উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাই উপজেলা সফরকালে এ অঞ্চলে একটি পৃথক শিল্পপার্ক নির্মাণের ঘোষণা দেন। ২২ কোটি ৯৪ লাখ টাকায় মিরসরাইয়ে শিল্পনগরী স্থাপনে একটি প্রকল্প হাতে নেয় বিসিক। প্রকল্পের প্রথম সংশোধনীতে ২ কোটি ১ লাখ ও দ্বিতীয় সংশোধনীতে এর ব্যয় বেড়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। ২০১৫ সালের ১২ মে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির বৈঠকে দ্বিতীয় সংশোধিত প্রকল্প আকারে ২৯ কোটি ২৫ লাখ টাকার মিরসরাই বিসিক প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পের সময়সীমা দুই দফা বাড়ানো হলেও নির্দিষ্ট সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২০১৭ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ করা হয়। ১৫ দশমিক ৩২ একর আয়তনের এ প্রকল্পে ৮৮টি প্লট রয়েছে।

Manual4 Ad Code

এই বিষয়ে বিসিক চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী বলেন, মিরসরাই শিল্পাঞ্চলে একটি বিসিক শিল্পনগরী চালু করতে সরকার আন্তরিক ছিল। কিছুটা বিলম্বে হলেও প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। যোগ্য উদ্যোক্তা না পাওয়ায় ছয়টি প্লট খালি রেখে ৮২ জন উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। চালু হলে এ শিল্পনগরীতে নতুন করে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code