

মো: নাছির আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে শ্রীমঙ্গলে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ।দিনব্যাপী কর্মশালায় উপজেলার ১৫টি তরুণ নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনের ৪২ জন প্রতিনিধি অংশ নেন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক গীতা গোস্বামী। কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান, সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম ও ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম।
কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন, কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন ব্যবহারের কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় মো. আতিকুর রহমান বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে দুর্নীতিবিরোধী সামাজিক অবস্থান গুরুত্বপূর্ণ। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত সুশাসন ও টেকসই উন্নয়ন অর্জন কঠিন।
কর্মশালায় অংশ নেওয়া তরুণ সংগঠকেরা এসডিজি বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় নিজ নিজ সংগঠনের মাধ্যমে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যৌথ শপথ গ্রহণ করেন তারা।সমাপনী বক্তব্য দেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এস এ হামিদ।
কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বি দ্যায়ার ফর ব্ল্যাড, রোভার স্কাউট, ইন্টারন্যাশনাল পার্লিয়ামেন্ট অব ইয়ুথ লিডারস, মনিপুরী ইয়ুথ ফোরাম, সুপ্রভাত উন্নয়ন সংস্থা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথ ফর পলিসি, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, ম্যাক বাংলাদেশ, মৌলভীবাজার চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, সোসাইটি ফর হেল্পলেস পিপলস, ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) কিশোরী গ্রুপ এবং ইয়েস গ্রুপের প্রতিনিধিরা অংশ নেন।