

ডেস্ক নিউজ: সংঘাতপূর্ণ সুদানে আটকে পড়া ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন সোমবার (৮ মে)। উত্তর আফ্রিকার দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশিদের। অনেকটা মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন অনেকেই। আর বেশিরভাগই সেখানে লুটপাট-নির্যাতনের শিকার হয়েছেন। দেশে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সুদানফেরত বাংলাদেশিরা।
রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাসসহ দারিদ্র্যপীড়িত দেশটিতে ১৫ এপ্রিল সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এরপর থেকে একাধিক যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হলেও তা মানেনি কোনও পক্ষই। সংঘর্ষে এ পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এসব ঘটনায় দেশটির মানবিক সংকট নতুন করে সামনে এসেছে। প্রাণ বাঁচাতে ইতোমধ্যে সুদান ছেড়ে পালিয়েছে ১০ লাখের বেশি মানুষ।
সুদানে প্রায় দেড় হাজারের মতো বাংলাদেশি বসবাস করতেন। তাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশটি থেকে চলে আসার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ দূতাবাসের কাছে। পরে দূতাবাস ও সৌদি আরবের সহযোগিতায় সুদান থেকে জেদ্দায় নিয়ে আসা হয় ১৩৬ বাংলাদেশিকে। পরে তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়।