

ডেস্ক নিউজ, ঢাকা: স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো। প্রতিটি মুদ্রার দাম ৪ হাজার টাকা করে বাড়িয়ে ৭২ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে মুদ্রার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম।
স্মারক স্বর্ণমুদ্রাগুলো (বাক্সসহ) প্রতিটির ৭২ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন এ স্মারক স্বর্ণমুদ্রা ৬৮ হাজার টাকায় বিক্রি হতো।