

বিশেষ প্রতিনিধি:- হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু সাঈদ সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবায়দুল জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৯ এর একটি দল।
এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে র্যাব। পরে তার দেহ তল্লাশী করে ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় র্যাব তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। সে একজন পেশাধার মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব। এদিকে, শনিবার ভোররাতে র্যাব তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।