

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর কারণে এবারের এসএসসির টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। গত রোববার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিল ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের শেষ তারিখ ৭ এপ্রিল। ফরম পূরণের কাজ চলবে অনলাইনে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে।
টেস্ট পরীক্ষা প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এবার যে পরিস্থিতি, তাতে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব না। তাই, যারা ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে, যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, ৬০ দিন ক্লাস করতে হবে। ওই ৬০ দিন যা পড়ানো হবে, সেখান থেকে প্রশ্ন করা হবে। সে অনুযায়ী মূল্যায়ন করা হবে।’
উল্লেখ্য, এসএসসি-এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। তারপর ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।
তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর যোগ্যতা নির্ধারণী হিসেবে এসএসসির নির্বাচনী পরীক্ষা হবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ২৮ মার্চ প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ সময় ৮ এপ্রিল। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪এপ্রিল পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে।
পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফি’সহ ১৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেয়া যাবে। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২০ সালের পরীক্ষায় ফেল করা পরীক্ষার্থীদের ১ এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে।
এ বছর প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরম পূরণ বাবদ সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩৫ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।