

শাহজাদপুর ( সিরাজগঞ্জ ):
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া এবং বাচরা গ্রামে
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩টি স্পটে মোট ৭টি অবৈধ ড্রেজার
মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ
শামসুজ্জোহা। পোরজনা ইউনিয়নের হলদার পাড়া পুকুরে এবং হুরাসাগর নদী থেকে
অবৈধভাবে বালু উত্তোলন করায় আজ শুক্রবার ( ২৪ জানুয়ারি ) সকাল থেকে দুপুর
পর্যন্ত তিনটি স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানান, প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে
উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে
আসছে। এই অবৈধ ড্রেজারের দৌরাত্ব বন্ধ করতেই এই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে তিনটি স্থানে মোট ৭টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরো জানান, শাহজাদপুর উপজেলার যেখানে অবৈধ ড্রেজার চালানো হচ্ছে
সেখানেই অভিযান চালানো হবে।