

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সাতসকালে সনিয়া গাঁধীর ছোট্ট বিবৃতি মোদী সরকার তথা বিজেপি নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে দিল। আজ সকাল ৮টা নাগাদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ঘোষণা করে দিলেন, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য রেল ভাড়ার খরচ দেবে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস কমিটিগুলিকে অর্থ জোগাড় করে, ঘরমুখো শ্রমিকদের চিহ্নিত করে তাঁদের হাতে রেলের ভাড়া তুলে দেওয়ারও নির্দেশ দেন তিনি।
ওই শ্রমিকদের বাড়ি ফেরার জন্য রেল মন্ত্রক ট্রেনের বন্দোবস্ত করেছিল ঠিকই। কিন্তু তার খরচ দিতে রেল রাজি হয়নি। যে রাজ্য থেকে শ্রমিকেরা ট্রেনে উঠছেন, সেই রাজ্য খরচ না-জোগালে শ্রমিকদেরই স্লিপার ক্লাসের ভাড়া গুনতে হচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে সনিয়ার এই আচমকা চালে বিজেপি নেতৃত্ব প্রবল অস্বস্তিতে পড়ে যান। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী নিজেই রেলমন্ত্রী পীযূষ গয়ালকে ফোন করেন। তার পরে তিনি দাবি করেন, পরিযায়ী শ্রমিকেরা বিনা খরচে যাতায়াত করবেন। রেল মন্ত্রক এ বিষয়টি স্পষ্ট করে সরকারি ভাবে বিবৃতি দেবে। সোমবার রাত পর্যন্ত অবশ্য রেল মন্ত্রক কোনও বিবৃতি দেয়নি। শ্রমিকেরা বিনা খরচে যেতে পারবেন, এমন ঘোষণাও হয়নি। সুব্রহ্মণ্যম স্বামী আরও দাবি করেন, “রেলমন্ত্রী যখনই জানতে পারেন, তখনই তিনি বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন। তাই তাঁকে দোষ দেওয়া যায় না।” প্রশ্ন ওঠে, রেলমন্ত্রী কি জানতেনই না যে, শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য ভাড়া আদায় করা হচ্ছে?