প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) ঃ
নওগাঁর বদলগাছীতে দিন দিন লেবু চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। অধিক লাভজনক হওয়ায় এই লেবু চাষ করে উপজেলার শত শত কৃষকের ভাগ্যের চাকা বদলে গিয়েছে।
লেবু যেন কৃষকের কাছে একটি স্বপ্নের ফসল। লেবু যেন কৃষকের ভাগ্য পরিবর্তনের ফসল। লেবু চাষীদের কাছে লেবু এখন অর্থকরী ফসল হিসেবে পরিচিত। লেবু চাষ যেন কৃষকের কাছে একটি অহংকার। অন্যান্য বছরের তুলনায় লেবু চাষীরা এবার লাভবান হচ্ছে তিন গুণ বেশি। চলতি মৌসুমে করোনা ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ায় ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবুর চাহিদা বেড়ে যায় সারাদেশে। মূল্য বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন চাষীরা। একটি লেবু সর্বউচ্চ ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হয়েছে চলতি মৌসুমে। সর্বনিন্ম ৬ থেকে ৭ টাকায় একটি লেবু বিক্রি হয়েছে। পবিত্র রমজান মাসে এই লেবুর দাম কিছুটা ওঠানামা করছে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, উপজেলার সব এলাকায় প্রথমে ২/৪ জন কৃষক লেবু চাষ শুরু করলেও এখন ব্যাপকভাবে শুরু হয়েছে এই লেবু চাষ আধাইপুর ইউনিয়নে। অত্র ইউপির পারিচা ব্যাসপুর, বৈকুণ্ঠপুর, কার্তিকাহার, পাথরাবাড়ী গ্রাম নামক এলাকায় কৃষকদের এখন প্রধান ক্ষেত হচ্ছে এই লেবু চাষ। পারিচা গ্রামের লেবুচাষী এনামুল বলেন,তার নিজস্ব কোন জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে প্রথমে তিনি ১০ কাঠা জমিতে লেবু চাষ শুরু করে প্রায় ৪/৫ বছর পূর্বে। এখন তার কোনো অভাব নেই। একদিনে ৯ টি গাছে গড়ে ৮ হাজার টাকার লেবু বিক্রি করেছে। ১০ কাঠা জমিতে এনামুল ১৫ দিন পরপর ৩ দিন লেবু উত্তলোন করেন। লেবু গুলি বিক্রি করেন ২০ থেকে ২৫ হাজার টাকায়।
চলতি বছরে তিনি ঐ জমি থেকে প্রায় ১ লাখ টাকার লেবু বিক্রি করেছে। আবার আরো বিক্রি হবে সারা বছর একই ভাবে।
লেবুচাষী ফিরোজ জানান, সে ৪ কাঠা জমিতে লেবু চাষ করে বিক্রি করেছে ৭ হাজার ৬শত টাকা। পরে আছে এখনো সারা বছর।
লেবু চাষী সুরুজ, আইনুলসহ অনেকেই জানান, লেবু চাষের প্রথম দিকে একশত লেবু বিক্রি হয়েছে ৬ থেকে ৭ শত টাকায়। এখন বিক্রি হচ্ছে ৫শত থেকে সাড়ে ৫শত টাকায়। এক বিঘা জমিতে লেবু থাকলে প্রতিদিন কমপক্ষে ১ হাজার লেবু তুলতে হবে। না হলে বাগান নষ্ট হবে। যারা দু চার কাঠা লেবু চাষ করছে সংসারে তাদের কোনো অভাব নেই। যারা আরো বেশি চাষ করছে বদলে যাচ্ছে তাদের ভাগ্যের চাকা। অধিক লাভজনক হওয়ায় লেবু চাষ করে খুশি এলাকার কৃষকরা।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, উপজেলায় মোট আড়াইশ থেকে তিনশত বিঘা জমিতে লেবু চাষ হয়েছে। লেবু চাষ একটি খুবই লাভজনক ফসল। অন্য কনো ফসল লেবু চাষের মত লাভ জনক হবে না। লেবুর পাশাপাশি ভালো মাল্টা চাষ হচ্ছে। সেই সঙ্গে মসলা চাষ করার জন্যও পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।