

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে সংসদ ভবনের নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেছেন, বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। এরমধ্যে বাংলাদেশের অবস্থান ৩৪তম। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থান ভালো হলেও পরিস্থিতি ক্রমশ অবনতিশীল। ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেই স্পষ্ট প্রতীয়মান হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের আহ্বান উপেক্ষিত হচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এমন সংকটে আমাদের শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনো বিকল্প নেই। অথচ আমরা লক্ষ্য করছি, সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করার পর বাণিজ্যকেন্দ্র, ফেরিঘাট, তৈরি পোশাকসহ অন্যান্য কারখানা এবং সর্বত্র স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান উপেক্ষিত হচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না সামান্য অপেক্ষা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাই এখন থেকে সতর্ক থাকার জন্য আমি আবারও সবাইকে অনুরোধ করছি। করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করতে হবে আমাদের সবাইকে।