

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে মোড় নিচ্ছে ভারতে । সদ্য বিগত জুন মাসে দেশটিতে ব্যাপক মাত্রায় করোনার প্রকোপ দেখা যায়। সরকারি হিসেবে ভারতে এখন পর্যন্ত করোনায় সর্বমোট মৃত্যু ও শনাক্তের প্রায় ৭০ শতাংশই ঘটে গত মাসে। এরই মাঝে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫০৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের ব্যবধানে এখন পর্যন্ত সর্বোচ্চ। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, ভারতে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় ১৭ হাজার ৪০০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে জুন মাসেই প্রায় ১২ হাজার মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জনের। এর মধ্যে জুনেই শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি।