

সম্পাদকীয়: প্রাণঘাতি করোনায় অসহায় হয়ে গেছে দেশ। দিন দিন মানুষ মারা যাচ্ছে। দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন চার লাখের উপর। করোনায় কেউ মা হারিয়েছেন, কেউ বাবা, কেউ ভাই-বোন, কেউ স্বামী বা স্ত্রী। কিন্তু তারপরও দেশের মানুষকে এ ব্যাপারে তেমন সচেতন হতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, মাস্ক ব্যবহারে এই ভাইরাসের সংক্রমণ কমবে। পাশাপাশি প্রয়োজন অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু রাস্তাঘাট, হাট-বাজার, অফিস আদালতে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, অনেকে বিরত থাকছেন মাস্ক পরা থেকে। অথচ মাস্ক না পরা একজন করোনাভাইরাস বহনকারী রোগী থেকে আক্রান্ত হতে পারে অসংখ্য সুস্থ মানুষ। আবার তাদের থেকে আক্রান্তের ঝুঁকি থাকে পরিবারের অন্য সদস্যদের। করোনার ভয়াবহতার কথা বিবেচনায় রেখে প্রত্যেকেরই মাস্ক পরা উচিত? অন্তত জনসমাগমের জায়গাগুলোতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। কিন্তু সবকিছুর উপরে আমাদের বর্তমান পরিস্থিতির কথা ভাবতে হবে। নিজের পরিবারের অন্যান্য সদস্যের নিরাপদে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে। আর সেজন্য মাস্ক পরার বিকল্প নেই। এটা ঠিক- শিশু, বয়স্ক ব্যক্তি, শ্বাসকষ্টের রোগীসহ অনেকের ক্ষেত্রে মাস্ক পরাটা সমস্যার। তাই তাদের উচিত জনসমাগম এড়িয়ে চলা, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে মাস্ক পরার বিষয়ে এগিয়ে আসতে হবে ।