

স্টাফ রিপোর্টঃ
জন প্রতিনিধিদের কার্যকর উদ্যোগ , নিরাপত্তা বাড়ানো এবং কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি; ঘৃণা সন্ত্রাস মোকাবেলায় এসব লক্ষ্য সামনে নিয়ে দীর্ঘমেয়াদী কর্মসূচী নিয়েছেন ব্রঙ্কসের বাংলাদেশী কমিউনিটি। ব্রঙ্কস ইয়ুথ সোসাইটির আয়োজনে শুক্রবার ব্রঙ্কসে এক পরিকল্পনা সভায় এসব কর্মসূচী নেয়া হয়। পরিকল্পনা সভায় ব্রঙ্কসের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ বলেন ‘বাংলাদেশীরা প্রতিনিয়ত বিভিন্নভাবে ঘৃণা সন্ত্রাসের শিকার হচ্ছেন। কেউ কেউ শারীরিক ভাবে পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে ক্যাবি অথবা অন্যান্য পেশা যেখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করতে হয়; সেখানে এসব ঘটনা বেশি ঘটছে। এই ঘৃণা সন্ত্রাস একটি দীর্ঘ মেয়াদী সমস্যা। রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। এর জন্য সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এতে জন প্রতিনিধিদেরও সব ধরণের সহযোগিতা করতে হবে”। তারা বলেন – “ নিউ ইয়র্কের এই বিরাট নাগরিক জীবনে প্রত্যেকেই জীবন যুদ্ধে ব্যস্ত। আমাদের প্রতিদিনের এই যুদ্ধ একটু ভালো থাকার জন্য। এখানে আমরা কারও কোন ক্ষতি হোক সেটা যেমন চাই না, আবার কেউ আমাদের ক্ষতি করুক সেটাও চাই না। আমরা সকল নিউ ইয়র্কবাসীর সাথে এক সাথে মিলে মিশে থাকতে চাই। আমরা চাই না কোন কমিউনিটির সদস্য ঘৃণা সন্ত্রাসী আক্রমনের শিকার হোক।“ ঘৃণা সন্ত্রাস মোকাবেলার জন্য কমিউনিটির সদস্যরা জন প্রতিনিধিদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার আহবান জানান। জন প্রতিনিধিরা যেন নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটিকে এক সাথে নিয়ে এমন কর্মসূচী নেন যেখানে এক কমিউনিটি অন্য কমিউনিটিকে চেনা-জানার সুযোগ পাবে। দু-একটি কমিউনিটির কিছু মাদকাসক্তের কারণে ঘৃণা সন্ত্রাস বেশি বাড়ে বলেও মন্তব্য করেন বক্তারা। “ একজন মাদকাসক্ত নিজে অপরাধী, তার পুরো কমিউনিটি নয়। অথচ এই মাদক গ্রহনকারীরাই বেশি করে ঘৃণা সন্ত্রাসে যুক্ত। এরা সঙ্গবদ্ধভাবে এসব অপরাধ চালিয়ে যাচ্ছে।“ বক্তারা পরিচ্ছন্ন ব্রঙ্কস কমিউনিটি গড়ে তুলতে সকলকে আহবান জানান। তারা বলেন “ আমরা নিউ ইয়র্ক সিটি ও আমাদের জন প্রতিনিধিদের সাথে একসাথে কাজ করতে চাই। আমরা একসাথে কাজ করলে সুন্দর ও নিরাপদ ব্রঙ্কস গড়ে তোলা আমাদের জন্য সহজ হবে। এখানে আমাদের সন্তানেরা বেড়ে উঠছে। তাদের জন্য নিরাপদ ও পরিচ্ছন জন-জীবন গড়ে তুলতে আমরা সবার সহযোগিতা চাই”। বক্তারা মূলধারা ও বাংলাভাষী গনমাধ্যমকে ঘৃণা সন্ত্রাস মুক্ত নিরাপদ ব্রঙ্কস গড়ে তুলতে কমিউনিটির পাশে থাকার আহবান জানান এবং গনমাধ্যম কর্মী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা হাজী মো: আলাউদ্দীনের সভাপতিত্বে এবং রেজা আব্দুল্লাহর সন্চালনায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন — সিরাজ উদ্দৌলা সোহাগ,মো: সেলিম রেজা, নাসির উদ্দীন চিনু চেয়ারম্যান, কামরুজ্জামান শামীম,কাজী রবিউজ্জামান,আব্দুল্লাহ আল রেজা,আবুল কালাম আজাদ, মো: আল আমিন, মো: মহসিন,নুরুল ইসলাম,মিঁয়া মো: দাউদ,নুরে আলম জিকু,আবু করিম,রিপন সরকার,মো: আলাউদ্দীন,মো: মজুমদার ,সৈয়দ আসাদুজ্জামান, এমডি এ রহমান, মো: বাদল,আলমামুন সরকার,এমএ নাসির, এএসএম নুরুজ্জামান রন্জু,সাইম মোসতাকিম,মো: ইসলাম,এমডি রাসেল, মো: রিপন,মো: হুমায়ুন কবির, রাশেদ মিলন প্রমুখ।