

নিউজ ডেস্কঃ গ্রিনহাউজ গ্যাস নিঃসারণ কমানোর বর্তমান প্রতিশ্রুতিই পারে বিশ্বকে নিরাপদ অবস্থানে রাখতে। কারণ এই শতাব্দীতে গড়ে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্মুখীন হবে বিশ্ব, যা খুবই বিপর্যয়কর। জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের আগে এরকম সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির পক্ষ থেকে গত মঙ্গলবার জানানো হয়, কার্বন নিঃসারণ কমানোর জাতীয় পরিকল্পনার প্রতিশ্রুতিগুলো খুবই দুর্বল। স্কটল্যান্ডের শহর গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনের কয়েক দিন আগে সংস্থাটি এ কথা বলেছে।
ইউএনইপির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেন বলেছেন, বিশ্বে যত কার্বন নিঃসারণ হয়, তার মধ্যে ৭৮ শতাংশের জন্য দায়ী জি-২০ দেশগুলো। উন্নত দেশগুলোসহ বিশ্বের সব দেশই এর জন্য কম-বেশি দায়ী।
তিনি সতর্ক করে বলেন, উন্নত দেশগুলো ২০৩০ সাল নাগাদ যে পদক্ষেপ নিয়েছে, তা যথেষ্ট নয় বরং অনেক দেরি হয়ে যাবে, জলবায়ু বিপর্যয়ের হাত থেকে বিশ্বকে রক্ষার জন্য যা খুবই বিলম্বিত সিদ্ধান্ত বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সুতরাং যা করার এখনই করতে হবে।
বিশ্বনেতারা আগামী সপ্তাহে জলবায়ু সম্মেলনে উপস্থিত হবেন। গ্রিনহাউজ গ্যাস কমানোর জন্য বিভিন্ন ধরনের উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দেবেন। আর এটাই হবে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির নিচে রাখার সব শেষ সুযোগ।
এবারের সম্মেলনের ইতিবাচক সিদ্ধান্ত ও গ্রিনহাউজ গ্যাস কমানোর কার্যকর প্রতিশ্রুতি বিশ্বকে মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচাতে সক্ষম হবে। বিশ্বের সব প্রান্তেই এখন আবহাওয়ার বিপর্যয় হয়েছে। দেখা দিয়েছে ঘূর্ণিঝড়, দাবানল, বন্যা-ভূমিধস ও খরা। ফলে গভীর সংকটের সম্মুখীন হচ্ছে মানবজাতি। বিশেষ করে বৈশ্বিক উষ্ণতা আবহাওয়া পরিস্থিতিকে সবচেয়ে বেশি সংকটময় করবে।