

ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াডের (এনএনও) তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীমিত পরিসরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিশুকিশোর ও তরুণদের মাঝে নিয়মিত সংবাদপত্র পাঠের অভ্যাস বাড়াতে ২০১৮ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করে নিউজপেপার অলিম্পিয়াড। ‘দেশসেরা পত্রিকা বিশারদ’ খুঁজতে ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতা আয়োজন করে সংগঠনটি, যেখানে সারাদেশ থেকে অসংখ্য প্রতিযোগি অংশ নেয়। এছাড়া মিডিয়া সামিট, নিয়মিত কর্মশালা, লেখালেখির প্রতিযোগিতাসহ নানা সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি। স্বল্পসময়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী সদস্য হিসেবে যুক্ত হয় এনএনও’র সাথে।

নিউজপেপার অলিম্পিয়াডের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ডেভিড ডোল্যান্ড। এছাড়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শিহাব হাসান নিয়ন, এনএনও’র প্রতিষ্ঠাতা ও সভাপতি লাব্বী আহসান সহ সংগঠনটির বোর্ড অব ডিরেক্টরস, এক্সিকিউটিভ বোর্ড, টিম মেম্বার-সহ প্রায় অর্ধশতাধিক সদস্য এতে উপস্থিত ছিলেন। কেক কাঁটা, সাংস্কৃতিক আয়োজন ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বর্তমানে ‘এনএনও ভেঞ্চার্স’ এর অংশ হিসেবে কাজ করছে নিউজপেপার অলিম্পিয়াড, মিডিয়া প্রোব, এনএনও নিউজ, এনএনও পাবলিকেশন-সহ বেশ কয়েকটি অঙ্গপ্রতিষ্ঠান। এনএনও’র সভাপতি লাব্বী আহসান জানান, বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জেলায় নিউজপেপার অলিম্পিয়াডের সদস্য রয়েছে। ধীরে ধীরে কার্যক্রমের পরিসর আরও বড় করার চেষ্টা চলছে এবং আগামীতে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দিতে চান তারা।