

নিউজ ডেস্কঃ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খাস জমির দখলদারদের চক্র অনেক শক্তিশালী। চরের খাস জমি উদ্ধারে এই চক্র ভাঙতে হবে।
বুধবার ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘চরের মানুষের জন্য ভূমি: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক এক সংলাপে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন ৷
এম এ মান্নান বলেন, নানাভাবে চরের জমি দখল হয়ে যাচ্ছে। এমপি, এনজিও মালিক, প্রফেসর সবাই চরের খাস জমি দখল করছে। যারা এসব করে তারা অনেক শক্তিশালী। এরা মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। মাথায় হাত বুলিয়ে হোক বা আইনের দ্বারা এসব খাস জমি উদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, এখন কিন্তু আমরা ঔপনিবেশিক আমলে বসবাস করছি না। একই চক্র হাজার হাজার বিঘা জমি দখল করবে এটা হতে পারে না।
ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও অর্থনীতিবিদ সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, চরের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার। চরের জন্য যে তহবিল রয়েছে তা বাস্তবায়ন দরকার। চরের অনেক পরিবর্তন হচ্ছে। এসব চরের উন্নয়ন জরুরি। আমরা দেখেছি একটা চরে সাবমেরিনের ক্যাবল দিয়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সরকারের এটা ভালো উদ্যোগ, সব চরে বিদ্যুৎ দেওয়া দরকার।
ন্যাশনাল চর অ্যালায়েন্সের এই সংলাপ আয়োজনে সহায়তা করে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’। এতে সভাপতিত্ব করেন আতিউর রহমান। বক্তব্য দেন- পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, কৃষি বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, নারী ও শিশু বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য লুৎফুন্নেছা খান এবং আইন ও বিচারবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শোয়েব সাজ্জাদ খান। সমাপনী বক্তব্য রাখেন শাহীন উল আলম। সংলাপ সঞ্চালনা করেন ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমান।