নিউজ ডেস্কঃ ডুরাল্ড লাইনে পাকিস্তান সেনাবাহিনী এবং আফগান তালেবানের মধ্যে তুমুল গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এতে অন্তত দুইজন পাক সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার বজৌর এলাকার গানজাল, সারকানো এবং কুনার নামে গ্রামে এই সংঘর্ষ বাধে। স্থানীয় সংবাদ মাধ্যমের বিভিন্ন খবরে এবং সাংবাদিকদের টুইট করা ভিডিওতে তালেবান বাহিনী ও পাক সেনাদের একে অপরের গোলাগুলির দৃশ্য দেখা গেছে।
স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের ভাষ্য, শুক্রবার বিকেলে অন্তত ৩০ মিনিট ধরে চলে এই গোলাগুলি। স্থানীয় সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ হয়েছে। সেখানেই তালেবানের গুলিতে দুজন পাক সেনার মৃত্যু হয়। এরপরই কার্যত পালটা জবাব দেওয়া শুরু করে পাকিস্তানি সেনা বাহিনী।
স্থানীয় রিপোর্টের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে আরো বলা হয়েছে, ওই অঞ্চলে ভয়াবহ সংঘর্ষ বাধে। গ্রামবাসীদের ওপর কয়েকদফায় শেল ও কামান নিক্ষেপ করা হয়।
আফগান ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর নিরাপত্তা বেড়া দেওয়ার উদ্যোগে বাধা দিয়েছিল তালেবান সৈন্যরা। তবে এই ঘটনা মীমাংসা হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা। এরপরই এই সংঘর্ষের খবর এলো।
