

ডেস্ক রিপোর্ট : জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘জাতীয় পরিষদ পুনরুদ্ধারের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করলেও এই রায়ে আমি দুঃখিত।’
তাকে গ্রেপ্তারের সময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিচার বিভাগই দেশের ন্যায়বিচারের অভিভাবক।’ খবর জিও নিউজের।
সুপ্রিম কোর্টের এ রায় নিয়ে ইমরান খান বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি তাদের দেখা উচিত ছিল। রায় দেওয়ার আগে বিষয়টি একবার হলেও দেখা উচিত ছিল।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে দেখেনি। এই অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট অন্তত এ বিষয়টিতে নজর দেবে। অন্য একটি দেশ চক্রান্ত করে পাকিস্তান সরকারের পতন ঘটাতে চায়- এটি একটি গুরুতর অভিযোগ।’
ইমরান খান আরও বলেন, ‘পাকিস্তানের তরুণদের সামনে আমরা কি উদাহরণ দিয়ে যাচ্ছি। তারা যদি দেখে রাজনীতিবীদরা তাদের বিবেককে বিক্রি করে দিচ্ছে কি শিখবে?’
সম্মান বাঁচানোর চেষ্টায় আস্থা ভোট এড়িয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কৌশল নিয়েছিলেন ইমরান, কিন্তু সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করে শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসিয়ে আস্থা ভোটের নিষ্পত্তি করতে বলেছে। পার্লামেন্টে সমর্থনের যে হিসাব-নিকাশ দাঁড়িয়েছে, তাতে অনাস্থার লজ্জা নিয়ে ইমরানের প্রস্থান অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
এর আগে শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে তিনি কী ঘোষণা দেন তা নিয়ে জল্পনার মধ্যে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলেন, জাতির সামনে একটি ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ নিয়ে আসছেন ইমরান খান।