

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন। বুধবার জোটের সদর দফতরে এই আবেদন হস্তান্তর করা হয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ দুইটি। আনুষ্ঠানিক আবেদনের ফলে তা অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। কয়েক সপ্তাহের মধ্যে এই আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলে অনেকেই আশা করছেন।
স্নায়ুযুদ্ধের পুরো সময় জুড়ে নিরপেক্ষ থেকেছে সুইডেন ও ফিনল্যান্ড। আর তাদের ন্যাটোয় যোগ দেওয়ার সিদ্ধান্ত গত কয়েক দশকের মধ্যে ইউরোপের নিরাপত্তা প্রকৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে নর্ডিক অঞ্চলে জনমতের পরিবর্তন প্রতিফলিত হয়েছে।