

ডেস্ক রিপোর্ট, ঢাকা: এখন সরকার শর্ষের ফুল দেখবে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের রিজার্ভের সাড়ে ৭ বিলিয়ন ডলার তারা (সরকার) এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে দিয়েছে। এই টাকাটা কাদেরকে দিয়েছে? তাদের সেই সব লোকজন যারা বিভিন্নভাবে দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্য করছে এবং তারা এই টাকাটা নিয়ে বিদেশে পাচার করেছে, বাড়ি-ঘর বানিয়েছেন আর দেশের মধ্যে সেই টাকা আর আসছে না। এই তো শুরু, দিস ইজ এ বিগেনিং।’ বিদ্যুৎ সংকটসহ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি না, অর্থনীতিবিদরা বলছেন, সব জায়গাতেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন গভর্মেন্ট শর্ষের ফুল দেখবেন, দেখতে হবে। জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে এবং তাদের (সরকার) পতন তরান্বিত হবে।’