

ইন্টারন্যাশনাল ডেস্ক: শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো। রাজধানী কলম্বোর সরকারি দফতরগুলোতে অবস্থান নেওয়া সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কঠোর অবস্থানে যায় সেনা ও পুলিশ। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের পদত্যাগের আগপর্যন্ত প্রবল আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার বিক্ষোভকারীদের। রাজধানী কলম্বোজুড়ে ধরপাকড় চলছে লঙ্কান কমান্ডো বাহিনীর। ১০০ দিনের বেশি হবে প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এখনও শহরের বিভিন্নস্থানে সেনা ও পুলিশ সদস্যদের রাজপথে অবস্থান দেখা গেছে। শ্রীলঙ্কাজুড়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে লঙ্কান বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১১ জন আটক হয়েছে। এরমধ্যে আইনজীবী ও দুই সাংবাদিকও রয়েছেন।