

ডেস্ক নিউজ: দেশে সাম্প্রতিক সহিংসতা ও বিএনপি নেতাকর্মীদের মৃত্যু নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বুধবার এক টুইট বার্তায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
ডিকসন টুইটারে লেখেন, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা কূটনীতির একটি অপরিহার্য অংশ। আজ (বুধবার) বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে খুশি। আমরা বাংলাদেশের বর্তমান বিষয় নিয়ে আলোচনা করেছি। পুলিশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতা ও বিএনপি সদস্যদের মৃত্যু নিয়ে উদ্বেগ রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ডিকসনের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য শ্যামা ওবায়েদ ও তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। তারা জানায়, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ব্রিটিশ হাইকমিশনার। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যু নিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। বুধবার দুপুরে হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক হয়।