

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের অভ্যন্তরে সহিংসতায় উসকানি ও সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডার কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর শিগগিরই নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। খবর: ইরানপ্রেস ও পার্সটুডে।
সম্প্রতি ইরানের ভেতরে বিক্ষোভ প্রতিবাদ দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র এবং কানাডা সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কানয়ানি। তিনি বলেন, আমেরিকা এবং কানাডার কয়েকজন নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় সমর্থন, তৎপরতা এবং উসকানিতে ইরানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে, সহিংসতা সৃষ্টি করেছে এবং ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।