

ডেস্ক নিউজ: বাজারে প্রচুর শীতের সবজি এসেছে। সরবরাহ বাড়ায় কমেছে দাম। বিক্রেতারা বলছেন, বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে সবজি আসছে। সরবরাহ বেশি হওয়ার কারণে অধিকাংশ সবজির দাম কমে গেছে। ক্রেতারাও বলছেন, অনেকদিন পর তারা সস্তায় সবজি কিনতে পারছেন। রাজধানীর একাধিক বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে।
সবজি বিক্রেতারা বলছেন, এক সপ্তাহ আগের তুলনায় কিছু সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমায় স্বস্তি মিলেছে ক্রেতাদের। এ প্রসঙ্গে রাজধানীর গোপীবাগ রেল গেট বাজারে আসা ক্রেতা তানভীর আহমেদ বলেন, ‘অনেকদিন পর সস্তায় সবজি কিনতে পারছি।’ তিনি উল্লেখ করেন, সবজির দাম যেভাবে কমেছে— একইভাবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও জরুরি।’ সেগুনবাগিচায় কাঁচা বাজারের ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘শীতকালীন সবজি বাজারে আসলেও অন্যান্য বছরের মতো দাম কমছে না। বরং দাম এখনও অনেক বেশি।’
এই বাজারের নিয়মিত ক্রেতা সাহিদ রুমেল বলেন, ‘দূর থেকে মনে হয় দাম কমেছে। কিন্তু কিনতে গেলে দেখি— সব ধরনের সবজির কেজিতে ৮/১০ টাকা বেশি নিচ্ছে। মাঝারি মানের ফুলকপি কিনতে হচ্ছে ৩৫ টাকা করে।’ তিনি মনে করেন, এখন সবজির মৌসুম তারপরও সবজির দাম সেভাবে কমছে না।
এদিকে একই বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘এখন শীতকালীন শাক-সবজি বেশি আসছে। এরই মধ্যে শীতকালীন সব ধরনের সবজি বাজারে আসতেও শুরু করেছে। সে কারণে দামও কমেছে।’ তিনি উল্লেখ করেন, বাজারে প্রতিনিয়তই আসছে শীতের সবজি। তাই সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, নতুন আলু, মূলা, শিম এবং বেগুনের দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা কমেছে। তবে শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা, পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।