

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে শুক্রবার বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। ওই দিনই তিনি জরুরি বৈঠকে বসেছিলেন। রবিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে প্রায় সদর দফতরে বৈঠকে বসেছেন পুতিন। অভিযানের পরবর্তী পদক্ষেপের করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকে সেখানে।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরের বিদ্যুৎ অবকাঠামোয় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের দাবি, প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে শত্রুপক্ষ। গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলায় অন্ধকারে ডুবে যায় দেশটির অনেক জায়গা। লাখ লাখ মানুষকে অন্ধকারে কাটাতে হয়। কিয়েভের দাবি, রবিবারও অনেক জায়গায় বিদ্যুৎ ও পানির সরবরাহ স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি উত্তরণে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।