

ডেস্ক নিউজ: স্বাধীনতা দিবসে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানায় মামলা হয়েছে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে। অজ্ঞাত আরও অনেকের কথা বলা হলেও একমাত্র তার নামই উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। মামলার বাদী হয়েছেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া।
এজাহারে বলা হয়, দৈনিক প্রথম আলো অনলাইন পত্রিকায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে মিথ্যা এবং বানোয়াট তথ্য ও ছবিযুক্ত সংবাদ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করে দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সম্ভাবনা সৃষ্টি ও সহায়তা করে অপরাধ করা হয়েছে। এই অভিযোগে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ২৬ (২), ২৯ (১), ৩১ (২) ও ৩৫ (২) ধারায় এ মামলা দায়ের করা হয়।
২৫ নম্বর ধারার ১ নম্বর উপধারায় বলা হয়েছে যদি কোনও ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে– (ক) ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে, এমন কোনও তথ্য-উপাত্ত পাঠান, যা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলে মনে হওয়ার পরও কোনও ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে প্রকাশ বা প্রচার করেন, বা (খ) রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করা বা বিভ্রান্তি ছড়ানো বা এই উদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা হিসেবে জানার পরও কোনও তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, বা প্রচার করেন বা করতে সহায়তা করেন, তা হলে এই কাজ ওই ব্যক্তির একটি অপরাধ।