

ডেস্ক নিউজ: ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ‘বাল্যশিক্ষা’য় অনেক উপদেশমূলক নীতিবাক্য পড়ানো হয়। একজন মানুষকে গড়ে তুলতে অদৃশ্য একটা শক্তি ছিলো সেই বইগুলোর। অক্ষরে অক্ষরে ছিলো মানুষ হবার সংকেত।
বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়ের ওপরেই তৈরি করা হয়েছে ‘ইত্যাদি’র এবারের দলীয় সংগীত। যাতে যুক্ত হয়েছেন ‘প্রহেলিকা’ জুটি মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। তার সঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ।
গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক, রিয়াদ ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনা করেছেন মামুন।
নির্মাতা হানিফ সংকেত জানান, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও অনবদ্য নৃত্যে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।