

ডেস্ক নিউজ: আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকায় আফগানিস্তান সিরিজের টিকিটও অনলাইনে ছেড়েছে তারা। গত সিরিজে অল্পসংখ্যক টিকিট অনলাইনে ছাড়লেও এবার আগের চেয়ে বেশি ছেড়েছে বিসিবি।
আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। সোমবার দুপুর দুইটা থেকে টিকিট বিক্রয় শুরু হবে। মোবাইল নম্বর দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। একটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কাটা যাবে।
টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল পেইজে এই ঠিকানায় (https://ticket.tigercricket.com.bd/registration)। টিকিট ক্রয় নিশ্চিত হলে মোবাইল নাম্বারে একটি কোড আসবে, সেটা দিয়ে সংগ্রহ করতে হবে টিকিট। টিকিট কেনার পর জাতীয় পরিচয়পত্র নিয়ে স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছের বুথ থেকে সশরীরে টিকিট সংগ্রহ করতে হবে। ম্যাচের আগের ও শুরুর দিন সকাল সাড়ে নয়টা থেকে চারটা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।