

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তারা কথা বলেছে। এখানে মূলত একটা ব্যাপারে আমাদের অঙ্গীকার তাদের চাওয়াটা, সেটা হলো—বাংলাদেশে তারা একটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চান এবং আমরাও বলেছি, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব।
শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্যানুসন্ধানী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে ইইউ টিমের বৈঠকটি বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার ওপর ভিত্তি করে তারা একটি নির্বাচন দেখতে চায়। তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারে আশ্বস্ত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।’
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কী কথা হয়েছে, আমরা তা বললাম। বিএনপির সঙ্গে কী কথা হয়েছে, তা নিয়ে আমরা কেন বিতর্ক করতে যাবো? সেটা তাদের ব্যাপার।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার ওপর ভিত্তি করে তারা আগামী নির্বাচন দেখতে চায়।’
তিনি জানান, সংলাপ নিয়ে প্রতিনিধি দল কোনও কথা বলেনি। এমনকি তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদ বিলুপ্তির বিষয় নিয়েও প্রতিনিধি দল কোনও কথা বলেনি বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।