

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের আগে নিয়ম অনুযায়ী বিশ্বভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। তার অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশেও আসছে। রবিবার (৬ আগস্ট) মধ্যরাতে ট্রফিটি ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপ ট্রফিকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যা রবিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছে তিন দিন অবস্থান করবে। ট্রফি প্রদর্শনের জন্য তিনটি ভিন্ন ভিন্ন জায়গা নির্ধারণ করা হয়েছে। রাতে এই ট্রফি পৌঁছানোর পর সোমবার অফিসিয়াল ফটোশুট হবে পদ্মা বহুমুখী সেতুতে। বেলা তিনটায় ফটোসেশন শেষ করে সেখান থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাজধানীর একটি হোটেলে।
পর দিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেবে বিসিবি। আর তৃতীয় ও শেষ দিনে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হবে। রাজধানীর বসুন্ধরা শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এর জন্য কোনও টিকিট কিনতে হবে না।