

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী ফেসবুকের ক্রমবিকাশের সঙ্গে মানুষের মাঝে মনস্তাত্বিক জটিলতা বৃদ্ধির কোনও সম্পর্ক নেই। এমনটিই জানা গেছে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের একটি স্টাডি থেকে। গবেষণা থেকে দেখা যায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অগ্রগতিতে ৭২টি দেশে কীভাবে সুস্থতার বিষয় পরিবর্তিত হয়েছে। সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন একটি প্রচলিত ধারণাকে মিথ্যা প্রমাণ করলো সাম্প্রতিক এই গবেষণা।
বিবিসি জানায়, গবেষণাটি হয়েছে শুধু ফেসবুক নিয়ে। এমনকি মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামও এর অন্তর্ভুক্ত ছিল না। গবেষণা দলের একজন প্রতিনিধি প্রফেসর অ্যান্ড্রু প্রজবিলস্কি বিবিসি’কে বলেন, আমরা একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। তা হলো, দেশগুলো যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে, ফলে সেসব দেশের মানুষ সুস্থতাকে কীভাবে দেখছে?
তিনি আরও বলেন, সাধারণভাবে ধারণা করা হতো এটি মানুষের মানসিক সুস্থতার বিপরীত। কিন্তু আমরা যেসব উপাত্ত সংগ্রহ করেছি এবং বিশ্লেষণ করেছি তাতে এ ধরনের কোনও কিছু আসেনি।
বিবিসি জানায়, ইতোপূর্বে এই প্রতিষ্ঠানটি টিন এজারদের প্রযুক্তি ব্যবহারে তাদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে গবেষণা করে।