

মধ্যপ্রাচ্য ডেস্ক : নতুন ড্রোন তৈরি করেছে ইরান। ড্রোনটির নাম মোহাজের-১০। প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী মঙ্গলবার এটি উন্মোচন করে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড্রোনটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপারের মতো। এটি বিভিন্ন ধরনের বোমা এবং রাডারবিরোধী সরঞ্জাম বহনের পাশপাশি নজরদারিতে দারুণ বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, মোহাজের প্রথম সংস্করণটি ১৯৮০-এর দশকে ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। ৩০০ কেজি ওয়ারহেড নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার গতিতে উড়তে পারে মোহাজের-এর সর্বশেষ চমকটি। একসঙ্গে ৪৫০ লিটার জ্বালানি ধরে এটির ট্যাঙ্কে।