

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে হেরে গেছেন। ৪৯ বছর বয়সে মৃত্যু হয়েছে এই জিম্বাবুয়ান লিজেন্ডের। মঙ্গলবার তার এই মৃত্যুর খবর দেন একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা। ঘণ্টাখানেক যেতেই তিনি নিশ্চিত করেন, স্ট্রিকের মৃত্যুর খবর মিথ্যা রটনা ছাড়া আর কিছুই নয়। সাবেক অধিনায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও দেন তিনি।
লিভার ও কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় একজন প্রখ্যাত অনকোলোজিস্টের কাছে চিকিৎসা নিচ্ছেন স্ট্রিক। গত মে মাসে তার পরিবার ক্যানসার আক্রান্তের কথা জানায়। মঙ্গলবার তার মৃত্যুর কথা জানিয়ে ওলঙ্গা টুইটারে লেখেন, ‘দুঃসংবাদ আছে, হিথ স্ট্রিক পরপারে চলে গেছেন। শান্তিতে ঘুমাও লিজেন্ড। আমাদের সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলা ছিল আনন্দের। আমার বোলিং স্পেল শেষ হলে ওপারে দেখা হবে।’
স্ট্রিকের মৃত্যুর সংবাদে শোকে কাতর হয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে শুরু করেন। হুট করে ওলঙ্গার আরেকটি পোস্ট। নিচে স্ট্রিকের সঙ্গে তার চ্যাটের শট। সেখানে লেখেন, ‘আমি নিশ্চিত করছি হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে অতিরঞ্জিত করা হয়েছে। এই মাত্র তার কাছ থেকে খবর পেলাম। থার্ড আম্পায়ার আবার তাকে ফিরিয়ে এনেছে। সে এখনও ভালোভাবে বেঁচে আছে।’