

লন্ডন অফিস: শীতল যুদ্ধের পর বৃহত্তম কুচকাওয়াজ আয়োজন করেছে পোল্যান্ড। শনিবার পোলিশ রাজধানী ওয়ারশতে এই কুচকাওয়াজ আয়োজন করা হয়। এর মাধ্যমে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশটি নিজের শক্তি প্রদর্শন করেছে। সরকার আশা করছে, এর মাধ্যমে রাশিয়া এবং আগামী অক্টোবরে নির্বাচনের আগে ভোটারদের প্রতি একটি বার্তা প্রেরণ সম্ভব হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পোল্যান্ডের ক্ষমতাসীন জাতীয়তাবাদী ল অ্যান্ড জাস্টিস পার্টির অগ্রাধিকার ছিল সেনাবাহিনীকে শক্তিশালী করা। এছাড়া নির্বাচনের আগে সমরাস্ত্রের প্রদর্শন করায় নিরাপত্তা ইস্যুতে তাদের অবস্থানও ভোটারদের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে।
ওয়ারশ যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পোল্যান্ডের জয়ের ১০৩তম বার্ষিকীতে সশস্ত্রবাহিনী দিবস কুচকাওয়াজ আয়োজন করা হয়। পোল্যান্ডের ২ হাজার সেনা এবং ন্যাটো দেশগুলোর সেনারা রাজধানীতে পদযাত্রায় অংশ নেয়। তাদের সঙ্গে ছিল ২০০ ধরনের সামরিক সরঞ্জাম ও ৯২টি যুদ্ধবিমান। ছিল যুক্তরাষ্ট্রের তৈরি (এমওয়ানএওয়ান) আব্রামস ট্যাংক, দক্ষিণ কোরিয়ার কে-২ ট্যাংক, কে-৯ হাওইটজার, হিমার্স রকেট লঞ্চার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।