

সাউথ এশিয়া ডেস্ক:
থাইল্যান্ডের একটি মাছ ধরা নৌকায় গুলি চালিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। শনিবারের এই ঘটনায় এক জেলে ডুবে মারা গেছেন। এছাড়া ৩১ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানিয়েছেন, ১৫টি মাছ ধরার নৌকার দুটি মিয়ানমারের জলসীমার ৪ থেকে ৫ দশমিক ৭ নটিক্যাল মাইল ভেতর চলে যায়। তখন তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।
এই ঘটনায় তিনজন জেলে পানিতে ঝাঁপ দিলে একজন ডুবে মারা যান। বাকি দুজনকে থাই নৌবাহিনী উদ্ধার করে বলে জানান থানাটিপ।
একটি নৌকায় থাকা ৩১ জন জেলেকে মিয়ানমার নৌবাহিনী আটক করে। তাদের মুক্তি নিশ্চিত করতে থাই নৌবাহিনী আলোচনা চালিয়ে যাচ্ছে বলে থানাটিপ তার বিবৃতিতে জানিয়েছেন।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোর্নডেজ বালানকুরা বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আটক জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা করা হচ্ছে। এছাড়া, কোনও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে কিনা সেটাও যাচাই চলছে।
মিয়ানমার ও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানং প্রদেশের সমুদ্রসীমা খুবই নিকটবর্তী। সেজন্য রানং মৎস্য বিভাগ মাছ ধরার নৌযানগুলোকে সীমানার কাছে চলাচলের সময় বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।