

সাউথ এশিয়া:
গত বছর ৯ মে পাকিস্তানজুড়ে দাঙ্গার সময় সামরিক স্থাপনায় সহিংস হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ বেসামরিক ব্যক্তিকে দুই থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তার পরবর্তী সময়ে ৯ মে’র দাঙ্গা ঘটেছিল। আইএসপিআর ওই দাঙ্গাকে ‘রাজনৈতিকভাবে পরিচালিত হামলা’ হিসেবে উল্লেখ করেছে যেখানে সশস্ত্র বাহিনীর স্থাপনায় হামলা এবং ‘শহীদদের স্মৃতিস্তম্ভের অবমাননা’ অন্তর্ভুক্ত ছিল।সর্বোচ্চ আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে সামরিক আদালতে বিচার কার্যক্রমের অনুমতি পাওয়ার পর ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।