

আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোভিড-১৯ সংক্রান্ত সবচেয়ে বেশি তথ্য সরবরাহ করেছে চীন। করোনা মহামারি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ক্রমাগত তথ্য চাওয়ার জবাবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আত্মপক্ষ সমর্থনে এই দাবি করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, একাধিকবার ডব্লিউএইচও’র সঙ্গে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ নিয়োগকারী একমাত্র দেশ চীন।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে কোভিড-১৯ এর উৎস বুঝতে আরও তথ্য সরবরাহের জন্য চীনের কাছে আহ্বান জানায় ডব্লিউএইচও। পাঁচ বছর আগে দেশটির কেন্দ্রীয় এক এলাকায় প্রথম ওই ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।
মাও নিং বলেছেন, কোভিড-১৯ এর উৎস শনাক্তকরণে চীন সবচেয়ে বেশি তথ্য ও গবেষণার ফলাফল সরবরাহ করে বৈশ্বিক গবেষণায় সর্বোচ্চ অবদান রেখেছে।
ডব্লিউএইচও-র আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একাধিকবার বলেছেন, চীন সফরে তারা যেসব জায়গায় যেতে চেয়েছেন, সেখানে গেছেন ও যেসব মানুষের সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাদের সঙ্গে দেখা করেছেন।