চীনের রাস্তায় ‘রোবোকপ’

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছে মানবাকৃতির রোবট। না, এটা কোনো সায়েন্স ফিকশন বা সাই-ফাই সিনেমার দৃশ্য নয়। চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি সড়কে এখন বাস্তবেই মনুষ্য পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে রোবট।

Manual6 Ad Code

পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সড়কে টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে মানবাকৃতির রোবট। এ যেন ১৯৮৭ সালে আমেরিকায় মুক্তি পাওয়া সিনেমা ‘রোবোকপ’–এর দৃশ্য। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনের সড়কগুলোয় মোতায়েন এই রোবট পুলিশ এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সেখানে রোবটকে পুলিশের ‘হাই-ভিজিবিলিটি’ ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

Manual6 Ad Code

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ দলের সঙ্গে একটি রোবট হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলে সেটিকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে। সেটি দুই পায়ে হেঁটে মানুষের সঙ্গে করমর্দন করছে। এক পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন, রোবটটি তা–ই করছে। পুলিশ কর্মকর্তা উপস্থিত ভিড় লক্ষ করে হাত নাড়লে রোবটটিও হাত নাড়ে। লোকজন ভিড় করে রোবট পুলিশ দেখছে, মুঠোফোনে ছবি তুলছে, ভিডিও করছে। চীনের এসব রোবট পুলিশের উচ্চতা ১ দশমিক ৩৮ মিটার, ওজন ৪০ কেজি। একেকটি রোবটের দাম ৮৮ হাজার ইউয়ান (১২ হাজার মার্কিন ডলার)।

Manual7 Ad Code

রোবটগুলোয় নানা অত্যাধুনিক শক্তিশালী চিপ ও সেন্সর লাগানো আছে। এগুলো ঠিকভাবে নির্দেশ পালন করতে পারে এবং বিরূপ পরিবেশের মধ্য দিয়েও চলাফেরা করতে পারে। শেনজেনভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান এনজিন–এআই ২০২৩ সালে পিএস০১ নামের এই রোবট তৈরি করে।ইউটিউবে রোবট পুলিশের ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। একজন লিখেছেন, ‘এটা চীনে তৈরি প্রথম রোবট, যেটি মানুষের মতো হাঁটতে পারে।’

Manual5 Ad Code

অন্য একজন বলেছেন, ‘সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহারের পাশাপাশি গৃহস্থালি কাজে লাগে এমন রোবটের চাহিদা এখন অনেক বেশি। গৃহস্থালি কাজে মানবাকৃতির রোবট ব্যবহারের সম্ভাবনাও অনেক বেশি। যদি রোবটগুলো গৃহকর্মে সহকারীর বিকল্প হতে পারে এবং সুলভ মূল্যে পাওয়া যায়, তবে আমরা মানবাকৃতির রোবটের একটি নতুন যুগে প্রবেশ করব।’ অন্য একজন লেখেন, পুলিশ রোবটের চোখ থেকে আলো বের হওয়াটা ‘রোবোকপ’ সিনেমার কথা মনে করিয়ে দেয়। সেটির বুকের ওপর যে প্যানেল, সেটা আরেক মার্ভেল সুপারহিরো ‘আয়রন ম্যান’–এর মতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code