

ক্রীড়া ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিভিন্ন সময় ফিক্সিংয়ের ব্যাপারটি আলোচনায় আসে। কিন্তু এবার এই ইস্যুতে স্বয়ং একটি দলের কোচই খেলোয়াড়দের খেলার ধরন দেখে সন্দেহ প্রকাশ করেছেন। এ মৌসুমে ডিপিএলে পারটেক্সের অধিনায়কত্ব করছেন সাব্বির রহমান। তাঁকে নিয়েই জটিলতা তৈরি হয়েছে। পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ করে চিঠি দিয়েছেন।
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল সংবাদমাধ্যমকে অভিযোগ করেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
কী ধরনের নেতিবাচক ক্রিকেট খেলছেন খেলোয়াড়েরা, সেটিও আনোয়ারুল, ‘নেগেটিভ বলতে যেমন ধরেন ৫০ বল খেলে ১৮ রান। ওই ধরেন কেউ ৪০ বল খেলে ৫ রান। আমার অফিশিয়াল তো এটা গ্রহণ করেনি। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
ক্রিকেটারদের নিয়ে ফিক্সিংয়ের সন্দেহ করছেন? পারটেক্সের কোচ আনোয়ারুল বলেন, ‘এটা শুধু (সন্দেহ) আমরা না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়েরা এমন করছে কেন! এ রকম তো খেলার কথা না। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা।’
তবে আনোয়ারুল প্রমাণ ছাড়া কথা বলতে অনিচ্ছুক। তিনি বলেন, ‘আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’