এক শহরে একসঙ্গে ৩০০ কৃষ্ণাঙ্গকে হত্যা, এক শ বছর পর ক্ষতিপূরণের উদ্যোগ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

১৯২১ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় এক ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটিয়েছিল শ্বেতাঙ্গরা। একদিনে কয়েকশ কৃষ্ণাঙ্গকে হত্যা এবং বিপুলসংখ্যক বাড়িঘর জ্বালিয়ে দেয় তারা।

‘তুলসা রেস ম্যাসাকার’ নামে ইতিহাসে কুখ্যাত সেই ঘটনার ক্ষতিপূরণ হিসেবে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য ১০৫ মিলিয়ন ডলারের পুনর্বাসন তহবিল ঘোষণা করতে যাচ্ছে ওকলাহোমার তুলসা শহর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বর্ণবিদ্বেষী হত্যাযজ্ঞের ক্ষত সারাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই পরিকল্পনাটি তুলসার প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র মনরো নিকোলসের নেতৃত্বে গৃহীত হয়েছে। এতে প্রত্যক্ষভাবে কোনো ব্যক্তি বা নিহত-আহতদের উত্তরাধিকারীদের হাতে অর্থ তুলে দেওয়া হবে না। বরং এর লক্ষ্য হলো কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের এলাকাগুলোর সামগ্রিক পুনর্বিকাশ এবং ঐতিহ্য সংরক্ষণ।

Manual5 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার প্রথমবারের মতো পালিত ‘তুলসা রেস ম্যাসাকার স্মরণ দিবস’-এ নিকোলস এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘তুলসা রেস ম্যাসাকার ছিল আমাদের শহরের ইতিহাসে এক কলঙ্ক…যা ইতিহাস থেকে এক প্রকার গায়েব করে দেওয়া হয়েছে।’

ঘোষণা অনুযায়ী, এই তহবিলটি ব্যক্তিগত একটি ট্রাস্টের মাধ্যমে সংগ্রহ করা হবে। এর মধ্যে ২৪ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে আবাসন তহবিলে এবং ৬০ মিলিয়ন ডলার যাবে ঐতিহ্য সংরক্ষণ ও আঞ্চলিক উন্নয়নের কাজে, যা বর্ণবৈষম্যের প্রভাব দূরীকরণে ব্যবহৃত হবে। পুরো পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘রোড টু রিপেয়ার’। তহবিল পরিচালনা করবে গ্রিনউড ট্রাস্ট। তুলসার কৃষ্ণাঙ্গ অধ্যুষিত গ্রিনউড (এক সময় ব্ল্যাক ওয়াল স্ট্রিট নামেও পরিচিত ছিল) জেলার অনুকরণে এই ট্রাস্টের নামকরণ হয়েছে।

নিকোলস বলেন, ‘হত্যাযজ্ঞ তো বটেই, হত্যাযজ্ঞের পর যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল, তা ছিল আরও গভীর। সেখানে মহাসড়ক নির্মাণ করা হয়েছিল, যা আমাদের অর্থনীতিকে চেপে ধরেছিল; ছিল দীর্ঘদিনের অবহেলা। পরিকল্পিতভাবে কৃষ্ণাঙ্গদের ঋণ দেওয়া হতো না।’

তিনি আরও জানান, ১ জুনের মধ্যে ১০৫ মিলিয়ন ডলার সংগ্রহ বা প্রতিশ্রুতি পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর একটি অংশ দিয়ে ট্রাস্টের জন্য একটি ‘লিগ্যাসি ফান্ড’ গঠন করা হবে, যা দিয়ে তারা জমি কিনতে ও উন্নয়ন করতে পারে। পরিকল্পনার জন্য সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে না, তবে যেকোনো শহর-মালিকানাধীন সম্পত্তি ট্রাস্টে হস্তান্তর করতে হলে কাউন্সিলের অনুমতি লাগবে। নিকোলস বলছেন, সেটি মিলবে বলে তিনি আত্মবিশ্বাসী।

১৯২১ সালের মে মাসে একদল শ্বেতাঙ্গ হামলাকারী তুলসার কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সমৃদ্ধ গ্রিনউড এলাকায় তাণ্ডব চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজারের বেশি বাড়ি ও স্থাপনা ধ্বংস করে দেয়। আনুমানিক ৩০০ কৃষ্ণাঙ্গ বাসিন্দাকে হত্যা করা হয়, আহত হয় আরও বহু মানুষ। নিকোলস বলেন, ‘এই হত্যাযজ্ঞ তুলসাকে এমন এক সম্ভাবনাময় অর্থনৈতিক ভবিষ্যৎ থেকে বঞ্চিত করেছে, যেটি বিশ্বের যেকোনো শহরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত।’

Manual5 Ad Code

ঘটনাটি বহু দশক ধরে ইতিহাসে চাপা পড়ে ছিল। তবে ২০২০ সালের ১৯ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসায় নির্বাচনী সমাবেশের ঘোষণা দিলে সেই ঘটনা আলোচনায় আসে। কারণ, ১৮৬৫ সালের ১৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টন শহরে সর্বশেষ দাসদের মুক্তির ঘোষণা দেওয়া হয়। এই দিনটিকে যুক্তরাষ্ট্রে দাসপ্রথার প্রকৃত অবসানের দিন হিসেবে বিবেচনা করা হয়। এটি জুনটিনথ হিসেবে পরিচিত। কৃষ্ণাঙ্গদের এমন একটি বিশেষ দিনে তুলসায় সমাবেশ করতে চেয়ে বেশ সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। পরে তিনি সমাবেশের তারিখ বদলান।

২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন জুনটিনথ-কে জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেন।

Manual4 Ad Code

তুলসার এই ক্ষতিপূরণ পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রে প্রথম বড় উদ্যোগ, যার মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণবৈষম্যমূলক হামলার ক্ষতিপূরণ হিসেবে তহবিল গঠন করা হচ্ছে। এর আগে ২০২১ সালে শিকাগোর কাছাকাছি ইলিনয় অঙ্গরাজ্যের এভানস্টন শহর কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে বাড়ির সংস্কার বা ডাউন পেমেন্টের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।

তবে মার্কিন জনগণ বরাবরই সরাসরি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে বিভক্ত। গত মে মাসে ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ওয়েস মুর—যিনি রাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর—একটি ক্ষতিপূরণ কমিশন গঠনের প্রস্তাবিত বিলে ভেটো দেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কৃষ্ণাঙ্গ আমেরিকানদের প্রতি অতীতের বৈষম্যের জন্য ক্ষমা চেয়েছে এবং কিছু ক্ষতিপূরণমূলক উদ্যোগ নিয়েছে। তবে সেখানেও সরাসরি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তুলসা রেস ম্যাসাকারের শেষ জীবিত দুই সাক্ষী—লেসি বেনিংফিল্ড র‍্যান্ডেল এবং ভায়োলা ফোর্ড ফ্লেচার—গত বছর আদালতে দায়ের করা এক দীর্ঘ মামলায় ক্ষতিপূরণ দাবি করে হেরে যান।

Manual1 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code